ঢাকা-১৮ আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করলেন মাহমুদুর রহমান মান্না

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:১৩ অপরাহ্ন, ০৯ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ২:১৩ অপরাহ্ন, ০৯ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র তিন দিন আগে ঢাকা-১৮ আসন থেকে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রোববার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

পোস্টে মান্না জানান, বর্তমানে তিনি বগুড়ায় অবস্থান করছেন। ঢাকা-১৮ আসনের নির্বাচনী এলাকা বড় ও ব্যয়বহুল হওয়ায় এই আসনে নির্বাচন চালিয়ে নেওয়া তার পক্ষে সম্ভব নয়। সে কারণেই তিনি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন: ড. নাজমুল আহসান কলিমুল্লাহর কারাবাস নিয়ে আলোচনা-সমালোচনা

ফেসবুক পোস্টে মান্না লেখেন, “ঢাকা-১৮ একটি বিশাল নির্বাচনী এলাকা। এর অন্তর্গত সাড়ে সাতটি থানা এবং সাড়ে ছয় লাখের মতো ভোটার রয়েছে। নির্বাচন এতটাই ব্যয়বহুল যে তা নির্বাহ করা আমার পক্ষে সম্ভব নয়। এই প্রেক্ষিতে ঢাকা-১৮ আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি।”

এ সময় তার এই সিদ্ধান্তে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি দুঃখ প্রকাশ করেন।

আরও পড়ুন: ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি: আসিফ মাহমুদ

উল্লেখ্য, ঢাকা-১৮ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র শুরু থেকেই বৈধ ছিল। রাজধানীর উত্তরা, খিলক্ষেত, কুড়িল, উত্তরখান, দক্ষিণখান ও তুরাগ এলাকা নিয়ে গঠিত এই আসনে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন, জামায়াতে ইসলামীর মুহাম্মদ আশরাফুল হক এবং জাতীয় নাগরিক পার্টির প্রার্থী আরিফুল ইসলাম নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

অন্যদিকে, মাহমুদুর রহমান মান্না বগুড়া-২ (শিবগঞ্জ) আসন থেকে এখনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। শুরুতে ঋণখেলাপির অভিযোগে সেখানে তার প্রার্থিতা বাতিল হলেও নির্বাচন কমিশনে আপিল করে তিনি প্রার্থিতা ফিরে পান।

বগুড়া-২ আসনে প্রথমে বিএনপি মান্নাকে সমর্থন দেওয়ার ঘোষণা দিলেও পরে সেখানে নিজেদের দলীয় প্রার্থী মীর শাহে আলমকে মনোনয়ন দেয়। এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে রয়েছেন আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান।